চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার বাবা রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দুই দিনের মাথায় বুধবার (১০ জুন) কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন, গত ৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী মডেল থানার আমান বাজার এলাকার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনির একটি কক্ষে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বাংলানিউজকে বলেন, পিতা কর্তৃক এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযুক্তকে বুধবার কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত শেষ করে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে আদালতে সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।