কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের সময় পাশে দাঁড়িয়ে থাকা হৃদয় (২৪) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের প্রয়াত হেদায়েত উল্লা হেদুর ছেলে।তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মামুন বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে একই ইউনিয়নের ঘোষতল ও শাকতলা গ্রামের কিশোরদের সংঘর্ষ হয়।
এ সময় তরুণের মৃত্যু হয়। তার শরীরে রক্তাক্ত জখম হয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।প্রত্যক্ষদর্শী শাকতলা গ্রামের রাকিব বলেন, সন্ধ্যায় ধোড়করা পূর্ব বাজারে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে শাকতলা গ্রামের প্রয়াত রতন মিয়ার ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সঙ্গে পার্শ্ববর্তী ঘোষতল গ্রামের প্রান্তের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এরপর প্রান্ত মোবাইল ফোনে কল করলে তিনটি মোটরসাইকেলে ঘোষতল গ্রামের রাজিব, রিফাত, পানশিসহ অজ্ঞাতনামা ৫-৬ জন এসে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে।এ সময় ঘোষতল গ্রামের রাজিব গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকিব বলেন, আহত যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।