শ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহ এবার পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে। জার্মানি ও ইতালিতে শনিবার তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানিতে শুক্রবার রেকর্ড ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইতালির ১৮টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট)।
ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপপ্রবাহটি জার্মানি পেরিয়ে পোল্যান্ডসহ মধ্য ইউরোপের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে।
জার্মানির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির প্রায় সব অঞ্চলের জন্য চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কোথাও কোথাও তা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজন ছাড়া পানি অপচয় না করার আহ্বান জানিয়েছে।
আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই-এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তে জার্মানির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং এ সময়ই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।