পর দিন শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে এই মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, এলিয়ানা, জেসি রেয়েজ, সঞ্জয়, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্স এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা।
সবশেষে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার, রেমা, টাইলা এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা।
এদিকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। ফিফা ও গ্লোবাল সিটিজেন জানিয়েছে, ১৯ জুলাই নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফটাইম শোতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা, ম্যাডোনা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসের মতো তারকারা।
বলে রাখা যায়, পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই জমকালো আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন।